banglahour

চুয়াডাঙ্গায় জনসভায় জামায়াত আমীর: “দেশকে বীরের দেশে পরিণত করা হবে”

রাজনীতি | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৪ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন আর দাসত্বের শিকল বহন করতে চাইছে না। অন্যায় ও অত্যাচারের সামনে মাথা নত করা হবে না এবং ভবিষ্যতে বাংলাদেশকে বীরের দেশে পরিণত করা হবে—এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের প্রতি আমাদের বন্ধুত্ব থাকা স্বত্বেও কোনো নির্যাতন বা অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। “প্রভু একমাত্র আল্লাহ” বলে তিনি উল্লেখ করেন, অন্য কোনো শক্তিকে তিনি প্রভু হিসেবে মানবেন না। এছাড়া তিনি বলেন, জনগণের ভোটে যারা পরাজিত হয়েছে, তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যারা ভোট চাইতে বের হচ্ছেন তাদের ওপর কেউ কেউ অমানবিক আচরণ করছে। এমন আচরণের বিরুদ্ধে তিনি সতর্ক করে বলেন, “আমাদের পরীক্ষা করার দরকার নেই, বেয়াদবি করলে ফলাফল ভয়ানক হবে।” তিনি আরও বলেন, যারা দেশের শাসন-ব্যবস্থা থেকে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি ও অপরাধীদের উচ্ছেদ করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা মেয়েদের প্রতি অশ্লীলভাবে চোখ রাখবে, তাদের দেশের ভবিষ্যত গড়ার অধিকার নেই।” তিনি দেশের যুব সমাজকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি বেড়ে গেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে—তাই জামায়াত সরকার এ পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করবে।

তিনি এই বক্তব্যগুলো বলেন সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায়। সভার সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা মোঃ ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক তানভীর রহমান অনিক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান এবং এনসিপির প্রস্তাবিত জেলা সেক্রেটারি সোহেল পারভেজ।

অনুষ্ঠানটি বেলা ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মপরিষদ সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল