
(৩ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ২:৩১ অপরাহ্ন
ঢাকা: অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বাঙালি হিসাবে একই পরিচয়ে পরিচিত করেছিলেন।
শনিবার (১১ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'অগ্নিঝরা মার্চ ও বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
বজ্রকন্ঠ-প্রেরণায় ৭ মার্চ নামক অনলাইনভিত্তক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংগঠনটি এ আলোচনা সভা আয়োজন করে।
এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু গ্রাম-গঞ্জ, তৃণমূলে বাঙালিদের একত্রিত করে বাঙালি জাতিসত্তাকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন।
বর্তমানে স্বাধীনতাবিরোধী এবং তাদের উত্তরসূরিরা দেশে ও দেশের বাইরে ভযংকর ষড়যন্ত্র করছে। তারা অনলাইনে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে। অস্তিত্বের উৎস ধরে রাখতে হলে বজ্রকন্ঠ শাণিত করতে হবে। শুধু মুখে মুখে নয়,আত্মায়, বিশ্বাসে ও চেতনায় বাঙালিত্ব ধারণ করতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বজ্রকন্ঠ-প্রেরণায় ৭ মার্চ নামক সংগঠনের সদস্যবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন।