
(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:৪৬ অপরাহ্ন
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।
মঙ্গলবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সরওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
সরওয়ার আলমগীরের আইনজীবী সাবেক বিচারপতি ও অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জী বলেন, হাইকোর্টের এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।
আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান এবং ব্যারিস্টার ফয়সাল মাহমুদ ফয়জী।
আদালত সূত্রে জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সরওয়ার আলমগীর গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটটি আদেশের জন্য মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় ৮৩ নম্বর ক্রমিকে ওঠে।
এর আগে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে সরওয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিনের আপিল প্রথম দফায় নামঞ্জুর করেছিল নির্বাচন কমিশন। তবে ওইদিন বিকেলে সরওয়ার আলমগীরের মালিকানাধীন এএনএফজেড টেরি টেক্সটাইল–সংক্রান্ত একটি স্থিতি আদেশ জমা দেওয়া হলে নির্বাচন কমিশন একতরফাভাবে তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
এ ঘটনায় সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আইনি লড়াই চলে। জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সরওয়ার আলমগীরকে নির্বাচন থেকে বাইরে রাখতে ছয়টি সিভিল পিটিশন দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক আদেশ দেন যে, সরওয়ার আলমগীরকে আর ঋণখেলাপি হিসেবে গণ্য করা যাবে না। ফলে হাইকোর্টের আগের রায়ের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার হয় এবং তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হয়।
সরওয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম বলেন, এই রায়ের মাধ্যমে সব আইনি বাধা দূর হয়েছে। তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বলেন,
সত্যের জয় অবশ্যই হয়—এটি আবারও প্রমাণিত হয়েছে। একটি গোষ্ঠী আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সফল হয়নি। মাননীয় আদালতে ন্যায়বিচার পেয়েছি। ফটিকছড়ির জনগণ আমার সঙ্গে আছে—আমি তাদের প্রতি কৃতজ্ঞ।