
(৯ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ২:৩০ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সোমবার (২৬ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৭টি উপজেলায় অবস্থিত ৪টি সংসদীয় আসনে মোট ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচন উপলক্ষে এলাকায় ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি জানান, সীমান্তবর্তী তিনটি উপজেলা—দামুড়হুদা, জীবননগর ও মুজিবনগরে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অস্থায়ী বেইজ ক্যাম্প ও ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি মোতায়েন কার্যক্রম শেষ করে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সব আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ পরিচালনার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ১৯ জন আসামিসহ প্রায় ৩৩ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার ও জব্দ করেছে। এর মধ্যে ১৫ দশমিক ৭৪৭৫ কেজি স্বর্ণ, ২৮ কেজি রৌপ্য, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উল্লেখযোগ্য।
এছাড়া একই বছরে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৪৭৮ বোতল মদ, ২ দশমিক ৯ কেজি হেরোইন, ১ হাজার ৫৩৬টি ইয়াবা, ৫ হাজার ৫৫ বোতল ফেন্সিডিল, ২৩১ দশমিক ১৪২ কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের ২ হাজার ৪৪০টি ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৮৪৭ টাকা। এসব ঘটনায় ২৩ জনকে আটক করে মাদক আইনে মামলা করা হয়েছে।
এদিকে যশোর আঞ্চলিক নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায়ও ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি মোতায়েন সম্পন্ন করা হবে। মোতায়েনের শুরু থেকেই দায়িত্বপূর্ণ ১৮টি জেলার ১০৮টি উপজেলায় প্রায় ২০০ প্লাটুন বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, যশোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী ৬টি জেলার প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।