
(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন
রাষ্ট্র কি শুধু গরিবের জন্য কঠোর? এমন প্রশ্ন জাগে সবার মনে। ব্যাংক নিয়ে ভাবতেই সবার মাথায় এমন প্রশ্ন!
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় আজ এক নির্মম সত্য প্রতিষ্ঠিত। আইন আছে, কিন্তু আইন সবার জন্য নয়।
একজন ক্ষুদ্র ঋণগ্রহীতা ২ থেকে ৩টি কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক তার বসতঘর, জমি, গরু, আসবাবপত্র পর্যন্ত নিলামে তোলে। অথচ অন্যদিকে, হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া বড় শিল্পপতি বছরের পর বছর ঋণ খেলাপি থেকেও সম্মানিত নাগরিক, নির্বাচনের প্রার্থী, এমনকি নীতিনির্ধারক।
এই দ্বৈতনীতি শুধু অবিচার নয়, এটি একটি রাষ্ট্রীয় অপরাধ।
ব্যাংকগুলো যখন বলে খেলাপি ঋণের কারণে সুদ বাড়াতে হয়েছে, তখন প্রশ্ন আসে, খেলাপি কারা? ভুক্তভোগী কারা?
বিশ্লেষকদের মতে উত্তর পরিষ্কার। খেলাপি বড়লোক, ভুক্তভোগী গরিব। রাষ্ট্র যদি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তবে এই ব্যবস্থা গরিব উৎপীড়নের যন্ত্র ছাড়া কিছুই নয়।
ঋণখেলাপির পরিসংখ্যান বলছে এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায়, দেশে মোট খেলাপি ঋণ: ১ লাখ ৫৫ হাজার কোটি টাকার বেশি, এর ৭৫–৮০ শতাংশ মাত্র শীর্ষ ২০০–৩০০ ঋণগ্রহীতার হাতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ২০–২৫ শতাংশের কাছাকাছি।
ক্ষুদ্র ও মাঝারি ঋণগ্রহীতাদের খেলাপি হার তুলনামূলকভাবে অনেক কম। তবুও তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা, নিলাম ও সম্পত্তি জব্দ, পুনঃতফসিলের নামে বৈধ লুটপাট।
বিশেষজ্ঞদের মতে, ঋণখেলাপিদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, ঋণ পুনঃতফসিল, ঋণ পুনর্গঠন, সুদ মওকুফ, কাগুজে ‘নিয়মিতকরণ’। একই ঋণ ৩ থেকে ৪ বার পুনঃতফসিল করে খেলাপিকে ‘ভালো গ্রাহক’ বানানো হচ্ছে।
সুদের বোঝা কার ঘাড়ে! ঘোষিত সুদ: ৯%, বাস্তব সুদ (ফি, চার্জসহ): ১২–১৩% বা তার বেশি
ব্যাংক বিশ্লষকরা বলেন, এই অতিরিক্ত সুদ আদায় করা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে। অর্থাৎ বড়লোক ঋণ শোধ করে না ব্যাংকের ঘাটতি গরিবের ওপর সুদের চাপ।
রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায়, ঋণখেলাপিরা নির্বাচনে আসে। কিন্তু আইন অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
তবে বাস্তবে, পুনঃতফসিল দেখিয়ে খেলাপি তালিকা থেকে নাম সরানো হয় ব্যাংক ও প্রশাসনের যোগসাজশে ‘ক্লিন সার্টিফিকেট’ মেলে তারা সংসদে যায়, মন্ত্রী হয়, নীতি নির্ধারণ করে।
বিপজ্জনক চক্র, ব্যাংক থেকে ঋণ, ঋণ পরিশোধ না করা, ক্ষমতায় যাওয়া,ব্যাংক নিয়ন্ত্রণ,আবার ঋণ নেওয়া। এটি একটি রাষ্ট্রীয় লুটপাট চক্র, যার বাইরে গরিব জনগণ। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এই চক্র কখনো ভাঙবে না।
অর্থনৈতিক বিশ্লেষকের মতে, এর পরিণতি কতটা ভয়াবহ যে, ব্যাংকিং ব্যবস্থার ওপর প্রভাব আমানতকারীর আস্থা কমে তারল্য সংকট বাড়ে এবং ব্যাংক দেউলিয়ার ঝুঁকিতে পড়ে।
এর ফলে যা ঘটে তা হলো, গরিব ঋণ নিতে ভয় পায়, ক্ষুদ্র উদ্যোক্তা ধ্বংস হয় বেকারত্ব ও দারিদ্র্য বাড়ে রাষ্ট্রের ওপর প্রভাব বাজেটে ব্যাংক বেইলআউট, করদাতার টাকা দিয়ে লুটের ক্ষত পূরণ।
অর্থনীতিবিদদের মতে, যে দেশে বড় ঋণখেলাপিদের শাস্তি হয় না, সে দেশে উৎপাদনশীল অর্থনীতি গড়ে ওঠে না।
প্রশ্নটা রাষ্ট্রের কাছে? আইন কি শুধু দুর্বলের জন্য! ব্যাংক কি কিছু প্রভাবশালীর ব্যক্তিগত তহবিল! ঋণখেলাপিরা কি জাতীয় নিরাপত্তার হুমকি নয়!
যতদিন বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হবে, ততদিন এই দেশের গরিব মানুষই থাকবে চিরস্থায়ী ভুক্তভোগী।