banglahour

রাজবাড়ী-২ আসনে ধানের শীষে ঐক্যের ডাক হারুন অর রশিদের

রাজনীতি | ইমরান খান| জেলা প্রতিনিধি| রাজবাড়ী

(৪ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:৪৪ অপরাহ্ন

ধানের শীষ প্রতীকের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন বলেছেন, এই প্রতীক নিয়ে কোনো ষড়যন্ত্র বা ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, বিএনপির যত বড় নেতাই হোক না কেন, কেউ যদি ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, “আপনাদের পছন্দ নাও হতে পারে ধানের শীষ। যেখানে ভালো লাগে সেখানে কাজ করুন। কিন্তু দিনে ধানের শীষ আর রাতে গোপনে অন্য কারও সঙ্গে যোগাযোগ—এটা জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ দেশ একটি নতুন নির্বাচনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জনগণ এখন ভোট দিতে ও নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে চায়।

হারুন অর রশিদ বলেন, বিএনপি একটি শিক্ষিত, সংস্কৃতিমনা ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায়। কৃষক, শ্রমিক, ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা হবে।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কে এম আইনুল হাবিব, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মাজবাড়ী ইউনিয়নের কো-চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মটনসহ স্থানীয় নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল