
(৭ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রামে নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও নদীকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্র তুলে ধরতে দিনব্যাপী নদী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার চর যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ নদী মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মুনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য ও নদী-পরিবেশ বিশেষজ্ঞ মাহাবুবা রহমান, জাতিসংঘের পরামর্শক ও অবসরপ্রাপ্ত রিভারাইন পিপল-এর সভাপতি এফ এম আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ এবং কুড়িগ্রাম সার্কেলের কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সহস্রাধিক চরাঞ্চলের মানুষ অংশ নেন। তারা নদীভাঙনের কারণে বসতভিটা ও কৃষিজমি হারানোর অভিজ্ঞতা তুলে ধরেন এবং নিরাপদ জীবন ও টেকসই জীবিকার দাবির কথা জানান।
আলোচনা সভায় নদীভাঙন প্রতিরোধ, নদী এলাকার ঝুঁকি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৎস্য ও কৃষি ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রাকৃতিক দুর্যোগজনিত নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন বক্তারা।