banglahour

ইসলামী মূল্যবোধ মেনে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৫২ অপরাহ্ন

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে অংশ নিয়ে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন বজায় রেখেই নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নারীদের অবদান অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পরিবারে অভাব-অনটন দূর করতে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, ইসলাম নারীকে যথাযথ সম্মান ও অধিকার দিয়েছে। মা-বোনদের ঘরের কোণে বন্দি না রেখে ইসলামী সীমারেখার ভেতর থেকেই দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এতে ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

চিকনাগুল ইউনিয়ন, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে আয়োজিত পৃথক সমাবেশ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, নারীরা যদি কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারে, তবে তাদের সামাজিক মর্যাদা বাড়বে, পরনির্ভরশীলতা কমবে এবং পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। এতে পারিবারিক অশান্তি ও সামাজিক সহিংসতাও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, নারীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা ঘরে বসেও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারে। কুটিরশিল্প, বুটিকসসহ ঘরোয়া উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে।

দীর্ঘ ১৮ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে আনতে হবে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকতে হবে।

এসময় বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গণসংযোগে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল