banglahour

জামায়াতেই নারীর ইজ্জত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে: ডা. শফিকুর রহমান

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি| বাগেরহাট

(৩ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর হাতেই নারীদের ইজ্জত, জনগণের জান ও মাল সর্বোচ্চ নিরাপত্তা পাবে। এ বিশ্বাস থেকেই আজ অসংখ্য নারী জামায়াতের পক্ষে মাঠে নেমে কাজ করছেন এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি মজলুম সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হয়েছে। দলের ১১ জন শীর্ষ নেতা হত্যার শিকার হয়েছেন, হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, শতাধিক সহকর্মী আয়নাঘরে বন্দি ছিলেন এবং গুম ও খুনের শিকার হয়েছেন। দলীয় নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তবুও ছাত্রদের বিজয়ের পর আমরা প্রতিশোধ নয়, শান্তি ও ন্যায়ের পথ বেছে নিয়েছি।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিয়ে এই মজলুম সংগঠনকে শক্তিশালী করতে হবে।

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী। আমরা দুর্নীতির পাতা নয়, দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলতে চাই। তিনি প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিবাদ ও কালো অধ্যায় কি আবার ফিরে আসুক—দেশবাসী কি তা চায়?

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যদিকে মায়েদের গায়ে হাত—এই দুই নীতি একসঙ্গে চলতে পারে না।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি শেখ কামরুল আলম।

এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল