
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন
ধানের শীষের ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দীর্ঘদিনের অন্যায় ও অবিচারের বিচার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
নির্বাচনী প্রচারণাকালে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, আপোষহীন নেতৃত্বের কারণেই বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাবন্দি রাখা হয়। তবে এসব ষড়যন্ত্র আজ জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ত্যাগ ও সংগ্রাম দেশপ্রেমিক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
আজ দুপুরে দৌলতপুর থানার ১ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে দুঃশাসন কায়েম করেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই সেই দুঃশাসনের অবসান ঘটবে। ব্যালটই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যার মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন সম্ভব।
বকুল বলেন, খুলনাসহ সারা দেশের মানুষ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যালট বিপ্লব ঘটবে এবং সেই বিপ্লবের মাধ্যমেই সকল অন্যায়ের বিচার নিশ্চিত হবে।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ কবির হোসেন টিটু, ওয়ার্ড বিএনপির নেতা সৈয়দ হুমায়ুন কবীর, কাজী নেহিবুল হাসান নেইম, মাসুদ কবীরসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।