
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের সেই সুযোগ এসেছে। তাই ভোরেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজেই দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার রাত ৮টায় নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় ১ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে ব্যাপক জনসমাগম হলে পুরো আয়োজনটি গণসমাবেশের রূপ নেয়।
খন্দকার মুক্তাদির বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নিজের ভোট যেন দিনের প্রথম ভোট হয়—এমন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দখল হওয়া খাল উদ্ধার, নদী খনন ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নগরীকে বন্যার ঝুঁকি থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব। শিল্পায়নের ফলে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পরিবেশ গড়ে তোলা হবে।
বিএনপি নেতা আরিফ আহমদ মমতাজ রিফার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকিরের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত গণসংযোগ কর্মসূচি সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হলে তা দ্রুত বিশাল গণমিছিলে রূপ নেয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
পাঠানটুলা থেকে শুরু হয়ে মিছিলটি মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা ও খাসদবীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিভিন্ন বাসা-বাড়ি থেকে নারীরা ফুল ছিটিয়ে খন্দকার মুক্তাদিরকে স্বাগত জানান।
এ সময় অনেক নারী ভোটার জানান, দীর্ঘ দেড় যুগ পর তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
গণসংযোগ শেষে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণ দুঃশাসন থেকে মুক্ত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দ মানুষের চোখেমুখে ফুটে উঠেছে। ইনশা আল্লাহ, নির্বাচিত হলে গণমানুষের প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করা হবে।
মিছিলে মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।