
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:১০ অপরাহ্ন
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে প্রচারণাকালে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলার অজুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলমের নেতৃত্বে কয়েকজন কর্মী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রচারণায় বাধা দিয়ে হামলা চালায়। এতে চারজন জামায়াত কর্মী আহত হন।
আহতরা হলেন— উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, অজুনা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম খান, গাবসারা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু হুজাইদা এবং শুরা সদস্য আহম্মদ আলী খান।
আহত রবিউল আলম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইছিলাম। এ সময় ২০-৩০ জন বিএনপি নেতাকর্মী আমাদের বাধা দেয়। ভোট চাওয়া আমাদের নাগরিক অধিকার—এ কথা বলতেই তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।” পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “প্রতিদিনই আমাদের নেতাকর্মীরা হামলা ও বাধার মুখে পড়ছে। বিশেষ করে নারী কর্মীদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।