
(৯ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:১৫ অপরাহ্ন
কুমিল্লার বরুড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন রবিউল (৩৫), মির্জানগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। গুরুতর আহত ফয়সাল কবীর আগানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ফয়সাল কবীর একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল ও ফয়সাল কবীরসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন দিক থেকে দুর্বৃত্তরা হঠাৎ তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রবিউল গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় ফয়সাল কবীর গুরুতর আহত হন।
আহত ফয়সাল কবীর অভিযোগ করে জানান, রবিউলকে লক্ষ্য করে রব, নূর নবী, মহিন, ময়নাল ও কুদ্দুসসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় রবিউল ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামে একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল, যা শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মির্জানগর গ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।