
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৬:০১ অপরাহ্ন
সারাদেশের মতো সিলেটেও পরিবর্তনের জোরালো আওয়াজ উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
নগরীর মেন্দিবাগ ও আশপাশের এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মাওলানা হাবিবুর রহমান বলেন, “দেশ থেকে চাঁদাবাজি ও দুর্নীতি দূর করতে মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণ বুঝে গেছে—সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত ও ১১ দলীয় জোট সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষ বলছে—সবাইকে বহুবার দেখেছি, এবার নতুন মুখ চাই। সর্বত্রই স্লোগান উঠেছে—‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার’।”
গণসংযোগে দেখা যায়, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বেচ্ছায় অংশ নিচ্ছেন। তারা ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
এ সময় মাওলানা হাবিবুর রহমান বলেন, “সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ সেই জোয়ারে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পরাজয় হবে। একটি ভোটের মূল্য অনেক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ বলতে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে সকালে তিনি সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক গণসংযোগে অংশ নেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, থানা আমীর মু. শাহেদ আলী, সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমীর আব্দুর রব, সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকীসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ।