
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৬:০২ অপরাহ্ন
সিলেটকে কৃষিপণ্য রফতানির কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তুলতে চান সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশ থেকে প্রতিবছর শত শত টন কৃষিপণ্য বিদেশে রফতানি হলেও সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা নানা সীমাবদ্ধতার কারণে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছেন না। প্যাকিং হাউসের অভাব, আধুনিক কুলিং সিস্টেম না থাকা এবং অবকাঠামোগত দুর্বলতাই এর প্রধান বাধা। এসব সমস্যা দূর করে সিলেটকে কৃষিপণ্য রফতানির একটি শক্তিশালী হাবে রূপান্তরের পরিকল্পনার কথা জানান খন্দকার মুক্তাদির।
বুধবার দিনব্যাপী এবং মঙ্গলবার রাতে সিলেট-১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “কৃষিতে বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক কৃষিতে তরুণদের সম্পৃক্ত করতে পারলে সিলেটসহ দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এসব সম্ভাবনা বাস্তবায়নে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ বিএনপির সরকার তা করবে। সিলেটকে কৃষিপণ্য রফতানির হাব হিসেবে গড়ে তুলতে বিদ্যমান সব সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে।”
ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে বুধবার সকালে সিলেট-১ আসনের দক্ষিণ সুরমা এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। কদমতলি জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি আলমপুর, গোটাটিকর, কদমতলি পয়েন্ট, ঝালোপাড়া, ভার্থখলা, মমিনখলাসহ ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খন্দকার মুক্তাদিরকে শুভেচ্ছা জানান এবং নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, সেলিম আহমদ রনি, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আখতার রশিদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিকে মঙ্গলবার রাত ১০টায় নগরীর চৌহাট্টায় ধানের শীষের সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটস্থ দিরাই-শাল্লাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।