banglahour

চুয়াডাঙ্গায় নির্বাচনের সকল প্রার্থী ভোটারদের মুখোমুখি, দুর্নীতিমুক্ত শাসনের অঙ্গীকার

রাজনীতি | রিফাত রহমান|জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:২৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা-১ আসনের সকল জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিয়েছেন। বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী চুয়াডাঙ্গা গড়ার ১৫ দফার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমান এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর সাংবাদিক মেহেরাব্বিন সানভী। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংলাপে প্রার্থী ও ভোটাররা সরাসরি আলোচনা করেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নির্বাচিত হলে চুয়াডাঙ্গাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকায় রূপান্তর করবেন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি এবং কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবেন।

জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, স্থানীয় প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করে সুশাসন, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জহুরুল ইসলাম আজিজি বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার মানসিকতায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেন্ডারবাজি, দখলদারিত্ব দূর করার অঙ্গীকার করেছেন।

প্রার্থীরা লিখিত ১৫ দফার অঙ্গীকারনামার মাধ্যমে ঘোষণা করেন, তারা নির্বাচিত হলে:

ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের হিসাব প্রতি বছর জনগণের সামনে প্রকাশ করবেন

জাতীয় নীতিনির্ধারণ ও আইন প্রণয়ন কাজে মনোনিবেশ করবেন

স্থানীয় সরকারের কাজে অনিয়ম ও স্বজনপ্রীতি প্রতিরোধ করবেন

সংখ্যালঘু ও প্রান্তিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন

প্রার্থীরা একমত, গণরায় যাই হোক তা মানবেন এবং বিজয়ী প্রার্থীর উন্নয়ন কার্যক্রমে পরাজিতরাও সহযোগিতা করবেন।

স্থানীয় বিশিষ্টরা মনে করছেন, চুয়াডাঙ্গার এই সংলাপ দেশের অপরাজনীতির বিপরীতে শান্তির বার্তা বহন করছে এবং আগামী নির্বাচনে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল