
(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:০৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা, ২৮ জানুয়ারি — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সিলেট-৪ আসনের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দারিদ্র্য দূরীকরণের জন্য সাময়িক সাহায্য বা ত্রাণ নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, স্বাবলম্বী পরিবার ও সমাজ গড়ে তুলতে প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে আয়োজিত দিনব্যাপী সমাবেশ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ অপরিহার্য। শুধুমাত্র চাকরি বা বিদেশের পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। উদ্যোক্তা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
তিনি যোগ করেন, বেকারত্বের কারণে যুবসমাজ মাদকের মতো ধ্বংসাত্মক পথে পা বাড়াচ্ছে। নির্বাচিত হলে তিনি তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোক্তা বৃদ্ধিতে সহায়তা করবেন। বিশেষ করে হালাল ব্যবসার জন্য ফিশারি, পোল্ট্রি ফার্ম ও কৃষি খামারের সহজ শর্তে ঋণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সাথে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তাঁতী দল, ছাত্রদল, শ্রমিকদল, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী।