banglahour

হামলা ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

রাজনীতি | আতিফ রাসেল |জেলা প্রতিনিধি|টাঙ্গাইল

(৩ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রার্থী মওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জামায়াত প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

জানানো হয়, এ বিষয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। অভিযোগে উল্লেখ করা হয়, ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় ভোটের প্রচারণাকালে কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেয় এবং ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তরা নেতাকর্মীদের মারধর করে, গলায় থাকা মাফলার টেনে ছিঁড়ে ফেলে এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মওলানা হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে সত্য যাচাই করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভূঞাপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল