banglahour

ফরিদপুরে মাদক বিরোধে দুই ভাই আহত, রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদর ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে নির্বাচন সামনে রেখে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—দস্তরদিয়া গ্রামের জাহিদ হাসানের ছেলে আবিদ হাসান রবিন (২৬) ও আলিফ হাসান (২২)। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের বড় চাচা ও স্থানীয় জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা মো. ইসহাক জানান, প্রতিবেশী জিহাদ মোল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় ১৫ দিন আগে তার পরিবারের একজন গাঁজাসহ যৌথবাহিনীর হাতে আটক হয়। সেই ঘটনার জেরে প্রতিবেশীদের সন্দেহ করেই এই হামলা চালানো হয়েছে বলে তার ধারণা।

তিনি বলেন, “বিকেলে আমার দুই ভাতিজা বাড়ির সামনের দোকানে বসে ছিল। হঠাৎ করে চাকু নিয়ে জিহাদ এসে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। সে স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।”

ইসহাক আরও জানান, ঘটনার পর হামলাকারীর বড় ভাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, জিহাদ সবসময় মাদকাসক্ত অবস্থায় থাকে এবং রাজনৈতিক বোঝাপড়া করার মতো মানসিক অবস্থায় নেই।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক ও মাদক সংক্রান্ত বিরোধ বলেই জানা গেছে। উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে।

এদিকে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান আহতদের দেখতে হাসপাতালে গিয়ে দাবি করেন, আহতরা তার নির্বাচনী কর্মী। তিনি অভিযোগ করেন, ধানের শীষের সমর্থকরা ব্যানার লাগাতে বাধা দিয়ে হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত জিহাদকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “এটি দীর্ঘদিনের পারিবারিক ও মাদক সংক্রান্ত বিরোধ। ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নির্বাচন সামনে রেখে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার অপচেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তি বিএনপির কেউ নয়।”

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও স্থানীয়দের বড় একটি অংশ এটিকে মাদক সংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবেই দেখছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল