banglahour

মোংলায় নৌ পুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ড, দগ্ধ সদস্য

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি| বাগেরহাট

(৯ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৭ অপরাহ্ন

বাগেরহাটের মোংলায় নৌপুলিশের একটি হাই-স্পিড বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পশুর নদীর দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নৌপুলিশের এক সদস্য অগ্নিদগ্ধ হন।

মোংলা নৌপুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজির আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে নৌপুলিশের হাই-স্পিড বোটটি জ্বালানি সংগ্রহের জন্য দিগরাজ–বাজুয়া ঘাট এলাকায় নেওয়া হয়। বোটটির চালক কনস্টেবল কাজী মাহাবুব হাসান (২৮) ও হেলপার (সিভিলিয়ান) শামীম সেখানে পেট্রোল নেওয়ার পর মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় বোটটি চালু করতে গেলে ব্যাটারির সংযোগস্থলে হঠাৎ স্পার্ক সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং বোটে জ্বালানি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় হেলপার শামীম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহাবুব হাসান আগুনে দগ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, মোংলা ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট যৌথভাবে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে হাই-স্পিড বোটটির দুটি ইঞ্জিনসহ বোটের অধিকাংশ অংশ পুড়ে গেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল