banglahour

ধামরাইয়ে হাঁস চুরি নিয়ে সালিশের জেরে তিনজন কুপিয়ে আহত

অপরাধ | মো: সাফায়েত খান ওপেল |জেলা প্রতিনিধি|ঢাকা

(৯ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে হাঁস চুরির ঘটনার বিচার করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

ঘটনাটি ঘটে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন—আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করেন। বিষয়টি প্রকাশ্যে আসলে স্থানীয়দের সালিশে পাচু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই বিচার মেনে নিতে না পেরে মুক্তিবুর রহমান মুক্তি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মুক্তিবুর মেম্বার ও তার লোকজন আকলিমা আক্তারের বাড়িতে গিয়ে গেট ভাঙচুর করেন। বিষয়টি জানার পর আকলিমা আক্তারের ছেলে কায়কোবাদ, ভাই আল আমিন ও দেবর সোহরাব বাড়ির দিকে গেলে বাড়ির পাশের নির্জন রাস্তায় তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে—মুক্তিবুর রহমান মুক্তি (৫৫), মোয়াজ্জেম (৩৫), সালাউদ্দিন (৪০), পাচু মিয়া (২২), শফিকুল (২৫), জাহানারা বেগম (২৮), আদম (২০) ও আবু বকর (২৫)সহ মোট আটজনকে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, “ঘটনায় উভয় পক্ষ আহত হয়েছে। উভয় পক্ষ থেকেই মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল