
(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:০৯ অপরাহ্ন
সিলেট নগরীর শাহপরান (র.) থানাধীন মেজরটিলা বাজার এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে—যেখানে বৈষম্য ও স্বৈরাচারের স্থান নেই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত জনগণের দ্বারে দ্বারে পৌঁছেছে।
তিনি আরও বলেন, আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না, চাই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন। ভোট একটি পবিত্র আমানত। জনগণ যদি আমাকে উপযুক্ত মনে করেন, তবে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
প্রতিদিনের মতো এদিনও বিপুলসংখ্যক মানুষ গণসংযোগে অংশ নেন এবং ইনসাফভিত্তিক সুন্দর বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন জানান। তারা বলেন, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।
গণসংযোগে উপস্থিত ছিলেন শাহজালাল মিরাবাজার জামেয়া’র সাবেক প্রিন্সিপাল মজির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুক আহমদ, শাহপরান (র.) থানা আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারি মঞ্জুর রহমান, শাহ মাহমুদুল হক, কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আহবাবুর রশীদ চৌধুরী লিমন, সৈয়দ ফরহাদ হোসেন, রাকিব আহমদ, আব্দুল হাই কুতুব ও রেদওয়ান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।