
(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১০ অপরাহ্ন
নির্বাচনী প্রচারণার প্রচলিত স্লোগান ও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে মাঠে নেমেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট ও ২৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সাদিপুর এলাকায় গণসংযোগকালে তার কার্যক্রমে মানবিকতা ও আন্তরিকতার প্রতিফলন দেখা যায়।
গণসংযোগের সময় তিনি রাস্তার পাশে থাকা শ্রমজীবী মানুষ, দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শুধু ভোট প্রার্থনা নয়, তাদের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথাও মনোযোগ সহকারে শোনেন তিনি। অনেক সাধারণ মানুষ জানান, এই প্রথম কোনো প্রার্থী তাদের সঙ্গে এতটা আপন ও আন্তরিকভাবে কথা বলছেন।
গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। আমরা দায়িত্ব নিতে, মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়তে প্রস্তুত। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ কথা নয়—কাজ দিয়েই তার প্রমাণ দেব।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ প্রার্থীকে ঘিরে বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় এই গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে সেবাভিত্তিক রাজনীতির বার্তা তুলে ধরা যায়।