
(২ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল অপসংবাদিকতা প্রতিরোধ এবং সংবাদ পরিবেশনে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন,
“নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে, সে বিষয়ে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি।”
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল আইন যথাযথভাবে অনুসরণ করলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। অপসংবাদিকতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে এম আব্দুল হাকিম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনের সুবিধার্থে সহজ প্রক্রিয়ায় অনুমতিপত্র প্রদানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আলমগীর হোসেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক।
কর্মশালায় রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।