
(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৬ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দুই দিন ধরে চলা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেলে জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে তিন দফা দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এর আগে বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে চার ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়। সময়সীমা শেষে বৃহস্পতিবার সকাল থেকেই আবারও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে অবস্থান ও বিক্ষোভ শুরু করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টাঙানো হলেও প্রশাসন সেগুলো অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি। বরং ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তারা।
অপ্রতিকর ঘটনা এড়াতে এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
পরে জোটের প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন তিন দফা দাবি তুলে ধরে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ এবং বিগত তিনটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব প্রদান।
এ সময় সারজিস আলম বলেন,
“অবৈধ ব্যানার ও ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করতে হবে। নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্টতাসম্পন্ন ব্যক্তিদের বাদ দিয়ে মাদরাসা শিক্ষকদের দায়িত্ব দিতে হবে। প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে। দাবি মানা না হলে আবারও আমরা রাজপথে নামবো।”
তিনি আরও বলেন,
“এটা ২৪-এর আগের বাংলাদেশ নয়। কোনো অনিয়ম হলে আমরা চুপ করে থাকবো না। জনগণকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ। একটি ধমকি দিলে দশটি ভোট কমে যাবে।”
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন,
“জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। আপাতত কর্মসূচি স্থগিত করা হলো। দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামা হবে।”
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কাজী সায়েমুজ্জামান বলেন,
“বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে অবহিত করা হয়েছে। তারা তা মেনে চলার আশ্বাস দিয়েছেন। ১১ দলীয় জোটের দাবিগুলো নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে, চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।”