
(৩ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:০২ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে সিলেট-৩ বিএনপি। ফেঞ্চুগঞ্জের ৯০ মেগাওয়াট জেটি ঘাট এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ ঘোষণা দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
উঠান বৈঠকে উপস্থিত হয়ে ব্যারিস্টার এম এ সালাম বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিককে বিজয়ী করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, ব্যক্তিগত মনোনয়ন প্রত্যাশা নয়, দল ও দেশের স্বার্থই এখন সর্বাগ্রে বিবেচ্য।
উল্লেখ্য, ব্যারিস্টার এম এ সালাম নিজেও সিলেট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর আগে মনোনয়নপত্র জমাদানের দিনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ সকল মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে এম এ মালিকের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমের কাছে জমা দেন। নির্বাচনী প্রচারণায় এম এ সালামের সরব উপস্থিতিকে এম এ মালিকের বিজয়ের পথে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যে এম এ মালিক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি ট্রেনিং কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা টানা পাঁচ বছর অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা হবে। পাশাপাশি কোনো সুপারিশ ছাড়াই কৃষকদের সুদমুক্ত ঋণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। এছাড়া চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে এম এ মালিক বলেন, যুবসমাজকে রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নেবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ।