
(৩ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তরুণরা বিশ্ব বদলে দিচ্ছে, সেখানে বাংলাদেশকে পিছিয়ে থাকলে চলবে না। তরুণদের দক্ষতা ও উদ্যমকে কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব ঘটাতে চায় বিএনপি।
নগরীর শাহপরানের বাহুবলে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, সিলেটে বিপুলসংখ্যক তরুণ ও যুবক রয়েছে, যাদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার আগ্রহ ও সক্ষমতা আছে। কিন্তু পর্যাপ্ত সুযোগ, সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার অভাবে তাদের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটসহ সারাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে ঢেলে সাজানো হবে এবং এ খাতে লাখো তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, সিলেটে আইটি পার্কের নামে একটি কার্যত অকার্যকর স্থাপনা গড়ে তোলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই আইটি পার্ককে তথ্যপ্রযুক্তি শিল্পের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা হবে। সেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, হাজারো তরুণ চাকরির সুযোগ পাবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে।
মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে এবং ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন সিভিক্স ভয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।
এদিকে নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট এলাকায় আরেকটি উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে খন্দকার মুক্তাদির বলেন, হাজারো মানুষের উপস্থিতিতে এ বৈঠক কার্যত জনসভায় পরিণত হয়। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে চাঁদাবাজমুক্ত রাজনীতি। সিলেটে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কোনো চাঁদাবাজের স্থান হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হলে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বক্সের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া নগরীর পীর মহল্লায় অনুষ্ঠিত আরেক উঠান বৈঠকেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভায় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।