
(৩ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:১১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রত্যয় ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করা হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয় অর্জন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার শপথ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ মুন্সিগঞ্জ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি সুসংগঠিতভাবে কাজ করছে বলেও তারা দাবি করেন।
গণসংযোগে সিরাজদিখান উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে রাজপথে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহর জনপ্রিয়তা ও বিএনপির এই সুসংগঠিত প্রচারণা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।