
(২ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৪২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকট নিরসন এবং জনমনে শান্তি ফিরিয়ে আনার জন্য বিএনপিই একমাত্র বিকল্প। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, “দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, বিচারহীনতার সংস্কৃতি দূর করা এবং সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ গড়ে তোলা বিএনপির লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তয়ন হলে দেশে কোনো ধরণের সংকট থাকবে না।”
আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ, সমাবেশ ও পথসভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, “অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিএনপি সবসময়ই আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও মেগা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চল বদলে দেবে। শান্তিপ্রিয় মানুষ উন্নয়ন ও নিরাপত্তা চাই, সংঘাত নয়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।”
সমাবেশ ও পথসভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ আরও অনেকে।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল এবং ইউনিয়ন শাখা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।