
(৯ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৫২ অপরাহ্ন
রাজধানীর মুগদা হাসপাতাল এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু হিসান রহমানকে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মূল অপহরণকারী মোহাম্মদ চাঁন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের কর্মকর্তারা।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকা থেকে মূল অপহরণকারী মোহাম্মদ চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে অপহরণে জড়িত আরও তিনজন মোছাম্মৎ চাঁন মিয়া, নুর ও কুলছুম বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত চাঁন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা থেকে অপহৃত শিশু হিসান রহমানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণের পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে শিশুটির পরিবার দ্রুত উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।