banglahour

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান তারেক রহমানের

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:৫৭ অপরাহ্ন


দেশের সকল মানুষকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাইয়ে যারা জীবন উৎসর্গ করে পরিবর্তনের পথ তৈরি করেছেন, সেই শহিদদের প্রতি সম্মান জানাতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

শুক্রবার রাতে রংপুরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “জুলাইয়ের যে পরিবর্তন এসেছে, তা কোনো একটি রাজনৈতিক দলের মাধ্যমে নয়, এটি হয়েছে দেশের সব মানুষের অংশগ্রহণে।”

শহিদ আবু সাইদের কবর জিয়ারত

নিজ শহর বগুড়ায় রাত্রিযাপন শেষে শুক্রবার বিকেলে রংপুরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদের কবর জিয়ারত করেন পীরগঞ্জে। এ সময় তিনি শহিদ আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তীব্র শীত উপেক্ষা করে জনসমাবেশ

পরে পূর্বনির্ধারিত জনসমাবেশে যোগ দিতে রাত সাড়ে আটটার দিকে রংপুর ঈদগাহ মাঠে উপস্থিত হন তারেক রহমান। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে অবস্থান নেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। তার আগমনে পুরো মাঠে জনতার ঢল নামে।

শহিদদের আত্মত্যাগ স্মরণ

সমাবেশে বক্তব্যে তারেক রহমান বলেন, “আবু সাইদের মতো হাজারো শহিদের আত্মত্যাগের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগ যেকোনো মূল্যে কাজে লাগাতে হবে।”

তিনি অভিযোগ করেন, গত দেড় দশকে মেগা প্রকল্পের নামে দেশে ‘মেগা দুর্নীতি’ হয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যেতে হবে।

ক্ষমতায় গেলে যেসব প্রতিশ্রুতি

রাষ্ট্রক্ষমতায় এলে কৃষিখাতে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি ঘোষণা দেন, কৃষিখাতে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করা হবে এবং তালিকাভুক্ত ক্ষুদ্র ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে।

এছাড়া জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজে হাত দেওয়ার ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, গণভোট ও নির্বাচন সামনে রেখে দেশব্যাপী জনসংযোগ ও সমাবেশ কর্মসূচি আরও জোরদার করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল