
(২ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, ১১:৩১ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল জনসভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় বিশ বছর পর সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান। আজ দুপুর দুইটায় শহরের বিসিক পার্ক মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের আগমন ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনসভাকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল সহকারে বিসিক পার্ক মাঠে জড়ো হতে শুরু করেছেন। মাঠ ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভার এলাকা।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের এই জনসভা নির্বাচনী মাঠে দলকে অনেকটাই এগিয়ে দেবে। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর সরাসরি নেতাকর্মীদের সামনে তারেক রহমানের বক্তব্য দলীয় মনোবল আরও দৃঢ় করবে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালে সিরাজগঞ্জে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার পুনরাগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা গেছে।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।