
(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১২:০২ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন, ৫ আগস্টের পর শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তন। একইভাবে ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়, দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত দিনে সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে।” তিনি অভিযোগ করে বলেন, ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রকল্পের নামে উন্নয়ন দেখানো হলেও এর সঙ্গে জড়িয়ে ছিল মেগা দুর্নীতি। একই সঙ্গে দেশজুড়ে খুন, গুম ও গায়েবি মামলার সংস্কৃতি গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে। এই পরিবর্তন আনতে হলে ভোটারদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।” গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা যদি ১২ তারিখে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে যে গণতন্ত্রের ভিত্তি আমরা গড়তে যাচ্ছি, তা বাধাগ্রস্ত হবে।”
তারেক রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমেই একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। “এই বাংলাদেশ কীভাবে চলবে বা চলবে না, তার সিদ্ধান্ত নেবে জনগণ। কারণ জনগণই এই দেশের মালিক,”যোগ করেন তিনি।
উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবিত করে মিল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। তিনি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন।
পথসভায় তিনি দলীয় নেতা-কর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনা দেন। সভায় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলে সফর করা তারেক রহমানের এটি ছিল জেলায় প্রথম রাজনৈতিক কর্মসূচি।
পথসভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ আসনের প্রার্থী ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ আসনের প্রার্থী ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলজুড়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পথসভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।