banglahour

বিজয়ী হলে সিলেট সদরকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: মাওলানা হাবিবুর রহমান

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান । সিলেট ।

(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:১৩ অপরাহ্ন

সিলেট সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

রোববার বিকেলে সিলেট সদর উপজেলার শিবেরবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী হলেও সদর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা এলেই উপজেলার নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। সুরমা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে কৃষকদের ফসল নষ্ট হয় এবং ঘরবাড়িতে পানি ওঠে।

তিনি বলেন, নির্বাচিত হলে এবং জামায়াত ও ১১ দলীয় জোট সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে সুরমা নদী খনন (ড্রেজিং) ও একটি টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন,জামায়াত একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী। আপনারা যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে আমার প্রধান লক্ষ্য হবে—সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা।পথসভায় তিনি সদর উপজেলার তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, আমাদের হাজার হাজার তরুণ আজ বেকার। শুধু বিদেশমুখী না হয়ে দেশেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমি এই উপজেলায় অন্তত একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই, যাতে তরুণরা দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারে।তিনি আরও বলেন, আমরা স্লোগান আর ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি কথা দিচ্ছি—আপনাদের করের একটি টাকাও অপচয় বা লুট হতে দেব না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া হবে অবহেলার রাজনীতির বিরুদ্ধে একটি শক্ত প্রতিবাদ। গণসংযোগ ও পথসভায় ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক এটিএম সেলিম ও জসীম উদ্দিন, সদস্য সচিব আমিরুল ইসলাম মানিক, সেক্রেটারি মাহফুজ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন সভাপতি মাওলানা আমীর উদ্দিন ও মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী, যুব মজলিসের সদর উপজেলা সভাপতি হাফিজ মুক্তাবিস উন্নুর, জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর ইস্কন্দর আলী, মাওলানা হাবিবুর রহমান বাদশা ও অ্যাডভোকেট রোকন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল