banglahour

ফটিকছড়িতে যুবদল কর্মী ঘোষনা কবির গ্রেফতার

অপরাধ | চট্টগ্রাম প্রতিনিধি ।

(৯ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১০:২৩ অপরাহ্ন

ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে যুবদল কর্মী জিয়াউল কবির প্রকাশ কবির হোসেন প্রকাশ ঘোষনা কবির (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘোষনা কবির উত্তর ফটিকছড়ির হেয়াকোঁ সরকারপাড়া গ্রামের ফরিদ প্রকাশ কসাই ফরিদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ঘোষনা কবিরের বিরুদ্ধে ভুজপুর থানায় হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হেয়াকোঁ সরকারপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সমাজের সর্দার তাজুলসহ ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ঘোষনা কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা (মামলা নং-১২/২৬) দায়ের করা হয়।

মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি তাজুলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে অভিযুক্ত ব্যক্তি ও তার ভাই জসিম তাজুলের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘোষনা কবির পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভুজপুর থানায় তার বিরুদ্ধে মামলা নং-২২/২৫ এবং মামলা নং-১২/২৬সহ একাধিক মামলা ও জিডি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঘোষনা কবির এলাকায় বেপরোয়া হয়ে ওঠে এবং চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে, যা নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

ঘোষনা কবির গ্রেফতারের খবরে হেয়াকোঁ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত বিচার দাবি করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল