
(৯ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১২ পূর্বাহ্ন
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজ ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন,এমন অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন।
দুদক আবেদনে আরও উল্লেখ করে, অনুসন্ধান চলাকালে মোহাম্মদ এজাজ বিদেশে পালিয়ে যেতে পারেন,এমন আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্তের স্বার্থে তাঁর বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি।
আদালত দুদকের আবেদন গ্রহণ করে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগের অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।