
(৮ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১২:৩৫ পূর্বাহ্ন
প্রকৌশল পেশায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রস্তাব প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
রোববার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা। সরকারি প্রস্তাব অনুযায়ী ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণের উদ্যোগের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তটি সরকারের ১৯৯৮ সালের প্রজ্ঞাপন ও নীতিমালার পরিপন্থি। তারা বলেন, বিদ্যমান নীতিমালাকে উপেক্ষা করে এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন করা হলে প্রকৌশল খাতে অস্থিরতা ও বৈষম্য তৈরি হবে।
বক্তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ প্রকৌশল পেশার কাঠামোকে দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, এই দাবিতে দেশের প্রতিটি জেলা সদরেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপকৌশল গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন প্রকৌশল সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন।