
(২ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১:৩৭ পূর্বাহ্ন
বাংলাদেশে সাংবাদিকতা এখন এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। এমন বাস্তবতা উঠে এসেছে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম নেতার বক্তব্যে। দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম সম্প্রতি আল–জাজিরার আন্তর্জাতিক অনুষ্ঠান দ্য লিসেনিং পোস্ট–এ বলেন, ভিন্নমত প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর আক্রমণের আশঙ্কা কাজ করে, যা স্বাধীন সাংবাদিকতার মৌলিক চর্চার পরিপন্থী।
মাহফুজ আনামের ভাষায়, “বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন ও অনুসন্ধানী। কিন্তু একই সঙ্গে এক ধরনের চাপ কাজ করে, কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া অবস্থান থেকে সামান্য সরে গেলেই হামলার শিকার হতে পারি।”
এই আতঙ্ক শুধু মাঠের রিপোর্টিং বা অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; তা ঢুকে পড়েছে সংবাদকক্ষের প্রতিটি শব্দ চয়নে। মাহফুজ আনাম স্বীকার করেন, অনেক সময় সাংবাদিকরা ভাবেন, এই শব্দটি ব্যবহার করা যাবে কি না, এতে কেউ ক্ষুব্ধ হবে কি না।
“এই আত্মসংযম স্বাধীন গণমাধ্যম সংস্কৃতির পরিপন্থী,” তিনি বলেন, “তবুও বাস্তবতা আমাদের সেখানে ঠেলে দিচ্ছে।”
ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে মাহফুজ আনাম বলেন, হামলাকারীরা সম্ভবত পত্রিকাটির পাঠকও নয়। তাঁর ধারণা, এটি ছিল সুপরিকল্পিত হামলা, যার পেছনে রাজনৈতিক ও আর্থিক উদ্দেশ্য ছিল।
তিনি বলেন, “তাদের লক্ষ্য শুধু একটি সংবাদমাধ্যম নয়; বরং গণতন্ত্র, বহুমতের স্বীকৃতি ও ভিন্নমতকে সমর্থন করা উদার সাংবাদিকতার ঐতিহ্যকে বড় পরিসরে ধ্বংস করা।”
ডেইলি স্টারের ঘটনা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা, হুমকি, মামলা এবং পেশাগত চাপের খবর বারবার সামনে এসেছে।
অনুসন্ধানী প্রতিবেদন, মানবাধিকার, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা সংখ্যালঘু ইস্যুতে কাজ করা সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন বলে মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকেরা। অনেক ক্ষেত্রে হামলাকারীরা চিহ্নিত হলেও বিচার প্রক্রিয়া এগোয় না, ফলে দায়মুক্তির সংস্কৃতি আরও উৎসাহ পাচ্ছে।
মাহফুজ আনাম জোর দিয়ে বলেন, সংবাদে ভুল থাকলে সমালোচনা হতেই পারে, প্রতিবাদও হতে পারে। কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
“ভুল ধরিয়ে দিন, আমাদের সমালোচনা করুন। কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক,” বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের ওপর ভয় ও বলপ্রয়োগ শুধু একটি পেশার সংকট নয়; এটি গণতন্ত্রের ভবিষ্যতের জন্যও অশনিসংকেত। স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা টেকসই হয় না।
বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, প্ল্যাটফর্ম বিস্তৃত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই বিস্তারের সঙ্গে কি নিরাপত্তা ও স্বাধীনতাও সমানতালে এগোচ্ছে?
এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে, আতঙ্কের ছায়া থেকে বেরিয়ে সাংবাদিকতা আবার কবে সত্যিকারের স্বাধীন পথে হাঁটতে পারবে।