
(৮ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৬:০৪ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের লক্ষ্যে বাগেরহাটে বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে মোংলা ও সুন্দরবনসংলগ্ন নদীতীরবর্তী এলাকায় এ টহল জোরদার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটি দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা এবং যেকোনো সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সবার জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।