
(২ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০১ পূর্বাহ্ন
বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কোথায়? এই প্রশ্ন এখন শুধু কূটনীতিক বা নীতিনির্ধারকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উৎকণ্ঠা। গত প্রায় দেড় বছরে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে যে অবস্থানে পৌঁছেছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের পথে স্পষ্টতই এক নেতিবাচক ইঙ্গিত বহন করছে।
আসন্ন নির্বাচন, ক্ষমতায় কে আসবে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা, পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ, এসব প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খাচ্ছে জনমনে। কারণ এই দেড় বছরে বাংলাদেশ বিশ্বের কাছে যে পরিমাণ আস্থাহীনতা তৈরি করেছে, তা সহজে কাটিয়ে ওঠা কঠিন।
বিরোধী রাজনৈতিক দল দমন, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, ধর্মীয় উগ্রতা এবং নারীর প্রতি সহিংসতা, এসব বিষয় আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর নজরে এসেছে বারবার। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিতে।
এই আস্থাহীনতার সবচেয়ে দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে ভিসা কূটনীতিতে।
একসময় মুসলিম ঐতিহ্যসমৃদ্ধ উজবেকিস্তান বাংলাদেশি নাগরিকদের জন্য অত্যন্ত সহজ ই-ভিসা সুবিধা দিত। অনলাইনে আবেদন করে মাত্র ৩০ মার্কিন ডলারে সিঙ্গেল এন্ট্রি ভিসা পাওয়া যেত। কিন্তু ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য এই ই-ভিসা সুবিধা স্থগিত করে দেশটি। ২০২৬ সালের জানুয়ারিতেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি, যদিও তাসখন্দে বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস রয়েছে এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে।
একই চিত্র ভিয়েতনামের ক্ষেত্রেও। ২০২৪ সালের অক্টোবর থেকে দেশটি কার্যত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে, সরকারি বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ইভেন্ট ছাড়া। অথচ একই সময়ে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত সরাসরি ফ্লাইট চালুর কথা বলছেন, যা কূটনৈতিক ভাষায় একটি স্পষ্ট বৈপরীত্য।
শ্রীলঙ্কায় আগে অন-অ্যারাইভাল ভিসা থাকলেও এখন আগাম ইটিএ বাধ্যতামূলক। থাইল্যান্ডে যেখানে একসময় কয়েক দিনে ভিসা মিলত, এখন সেখানে ন্যূনতম ৪৫ দিন আগে আবেদন এবং আগাম নিশ্চিত ফ্লাইট টিকিট জমা দিতে হয়, ভিসা না পেলে আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়েই।
ইন্দোনেশিয়ায় ২০২১ সাল পর্যন্ত ভিসামুক্ত প্রবেশাধিকার থাকলেও এখন সেই দেশটির ভিসা পাওয়া প্রায় অনিশ্চিত। বিপুল ফি দিয়েও ভিসা না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যের ভিসা বাংলাদেশিদের জন্য বরাবরই কঠিন ছিল। সর্বশেষ ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা সীমাবদ্ধতার তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
নেপাল, ভুটান ও মালদ্বীপে এখনও অন-অ্যারাইভাল ভিসা পাওয়া গেলেও ইমিগ্রেশনে কঠোর জিজ্ঞাসাবাদ এখন নিয়মিত ঘটনা। পাকিস্তান ভিসা ফি মওকুফ করলেও এনভিআর সুবিধা চালু করেনি। চীন তুলনামূলক সহজ ভিসা দিলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা দেয়নি।
ভিসা সহজ হয় কেন, কঠিনই বা কেন?
দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ হয় তখনই, যখন পারস্পরিক আস্থা ও সম্মান দৃঢ় থাকে। স্পেন-ল্যাটিন আমেরিকা বা রাশিয়া-সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর উদাহরণ তা স্পষ্ট করে। বিপরীতে, যেখানে স্বার্থের দূরত্ব বাড়ে, সেখানে ভিসা হয় সবচেয়ে বড় কূটনৈতিক দেয়াল।
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, একটি সুসংহত পররাষ্ট্রনীতির অভাব। নেই স্পষ্ট ভারত পলিসি, চীন পলিসি কিংবা যুক্তরাষ্ট্র পলিসি। ক্ষমতাসীন দলের রাজনৈতিক মানসিকতার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতির ভাষা বদলায়। কখনো ভারতমুখী, কখনো চীনমুখী, কখনো আবার ওয়াশিংটনের সংকেতনির্ভর অবস্থান। এই অনিশ্চয়তা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কমিয়েছে।
এই ধরনের ‘ফ্রি-ফ্লোটিং’ কূটনীতি আজকের উত্তেজনাপূর্ণ বিশ্বে ছোট রাষ্ট্রের জন্য বিপজ্জনক। বড় শক্তিগুলো যখন নিজেরাই অস্থির ও আগ্রাসী, তখন অনিশ্চিত আচরণ করা দেশগুলো হয় উপেক্ষিত হয়, নয়তো টার্গেটে পরিণত হয়। দুটোই বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ।
সবশেষে প্রশ্নটি খুবই মৌলিক— বাংলাদেশ কি বুঝতে পারবে যে পররাষ্ট্রনীতি কোনো দলের নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের নীতি?
আমরা কি পারব, অন্তত কয়েকটি মৌলিক বৈদেশিক বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে?
এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে, বিশ্ব রাজনীতির মানচিত্রে বাংলাদেশ উপেক্ষিত থাকবে, না সম্মানিত অংশীদার হয়ে উঠবে।