
(৩ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৪৫ অপরাহ্ন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী শিক্ষার্থীদের এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।
এ বছর কলেজের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স) শ্রেণিতে সর্বোচ্চ ফল অর্জনকারী রোজিনা সুলতানা এবং এমএসসি পর্যায়ে রিয়াজ শেখ স্বর্ণপদক, নগদ অর্থ ও সনদ লাভ করেন।
কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম এবং ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান কৃতি শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলামসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা।
ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণিতে সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রতি বছর এ স্বর্ণপদক প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি ২০১৩ সাল থেকে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতাও করছে ফাউন্ডেশনটি।
উল্লেখ্য, বিশিষ্ট গণিতবিদ ও ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা এ.এফ মুজিবুর রহমান ১৮৯৭ সালে ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ১৯২৩ সালে তিনি আইসিএসে যোগ দেন এবং পরবর্তীতে ঢাকা ও হাওড়াসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালন করেন।