
(৮ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:১১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বলেন, কোনো রক্তচক্ষুই উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ জনপদের অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়া সম্ভব। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীসহ দর্শনীয় স্থানগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ, হোটেল-মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট সুবিধা বাড়াতে হবে। নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই হবে উন্নয়নের মূল ভিত্তি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, জনগণের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন সম্ভব। সততা ও সাহসিকতাকে পুঁজি করে এগিয়ে গেলে সব বাধা অতিক্রম করা যাবে। বিএনপি সরকার গঠন করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে তিনি জৈন্তাপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং দরবস্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
বিভিন্ন কর্মসূচিতে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।