banglahour

সাইকেল প্রচারণায় আলোচনায় মইনুল বাকর

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৫ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:৪৪ অপরাহ্ন

ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণার মাধ্যমে সিলেট-৩ আসনে ভোটারদের দৃষ্টি কাড়ছেন স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর। একদল তরুণ-যুবককে সঙ্গে নিয়ে বাইসাইকেলে চড়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গ্রাম-গঞ্জ, অলিগলি ও প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোট চাইছেন। তাঁদের একটাই আহ্বান—‘সজ্জন, প্রতিশ্রুতিশীল ও কর্মঠ মানুষ’ হিসেবে কম্পিউটার প্রতীকে মইনুল বাকরকে সমর্থন দেওয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব এই সাইকেল প্রচারণা ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের কাছে এটি নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।

পেশায় প্রকৌশলী মইনুল বাকরের বাড়ি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের ইসলামপুর গ্রামে। প্রায় তিন দশক ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করে আইটি খাতে ব্যবসা গড়ে তুলেছেন এবং বর্তমানে যুক্তরাজ্য ও মিশরে তাঁর দুটি সফল প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তিনি অ্যাপলের স্বীকৃত হার্ডওয়্যার ও সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত। বিদেশে প্রতিষ্ঠিত হলেও দেশের প্রতি টান থেকেই দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

গত এক দশক ধরে ‘বাংলাদেশ বেওয়ারিশ ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। এই সংগঠনের উদ্যোগে বহু বেওয়ারিশ মানুষের চিকিৎসা, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বিভিন্ন মাদরাসায় বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিন উপজেলায় নিয়মিত উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। ভোটারদের মুখে মুখে এখন তাঁর প্রচারণার আলোচনা শোনা যাচ্ছে।

এটি তাঁর প্রথম নির্বাচন নয়। ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর আবারও মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

মইনুল বাকর বলেন, দেশে ফিরে তিনি দেখেছেন তাঁর এলাকার মানুষ এখনও অবহেলিত। নদীভাঙন, অবকাঠামোগত দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করাই তাঁর লক্ষ্য। জনগণ সমর্থন দিলে সংসদে গিয়ে এসব সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি সততা ও যোগ্যতাকে পুঁজি করে মানুষের সেবা করতে চান বলেও জানান।

আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে কম্পিউটার প্রতীকে সমর্থন চেয়ে সিলেট-৩ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং সবার দোয়া কামনা করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল