
(৫ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:৫২ অপরাহ্ন
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় দলটির আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ জনসভায় দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন আসতে শুরু করে। বিকেলের মধ্যেই মাঠ পূর্ণ হয়ে যায়। মঞ্চে অবস্থান নেন জামায়াত ও জোটভুক্ত দলের নেতারা। জনসভাস্থলেই আছরের নামাজ আদায় করেন উপস্থিত নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর আবু হারিস মোল্লার সভাপতিত্বে বেলা দুইটার দিকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে ফরিদপুর-১ আসনের জামায়াত জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. ইলিয়াস মোল্লা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাগরিবের নামাজের পর ডা. শফিকুর রহমান জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় সমাবেশে আগত বিপুলসংখ্যক মানুষ মাঠে অবস্থান করছেন।
এদিন রাতে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠেও তাঁর আরেকটি জনসভায় অংশ নেওয়ার সূচি রয়েছে।