
(৫ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৮:০০ অপরাহ্ন
নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেবেন।
জনসভা উপলক্ষে নগরীতে ইতোমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে। জামায়াত ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে আমীরকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা ও আমীরের সিলেট সফর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। এছাড়া দফায় দফায় মাঠ পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
বিকেল ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেন এবং জনসভার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফিং দেন। এর আগে শুক্রবার সকাল ১১টায় সিটি কর্পোরেশন ও প্রশাসনের অন্যান্য স্তরের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোট সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সহকারী নির্বাচন পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
মাঠ ও মঞ্চ পরিদর্শনের পরে মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। এ জনসভায় সিলেট জেলার ৬টি আসনের এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করানো হবে। আমীর হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন, এর আগে হবিগঞ্জে পৃথক ব্যবস্থা করা হয়েছে।