banglahour

সিলেট–৩ এ মইনুল বাকরের ২১ দফা ইশতেহার, লেভেল প্লেয়িং ফিল্ডের অভিযোগ

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৯:২৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার সিলেট মহানগরের জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনে সমান সুযোগ না থাকা এবং তার ব্যানার–ফেস্টুন অপসারণের অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে মইনুল বাকর বলেন, সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানিসহ মৌলিক চাহিদা পূরণে অতীতের জনপ্রতিনিধিরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নিজেকে এলাকার মানুষের ‘সেবক’ হিসেবে প্রতিষ্ঠা করতে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন বলে জানান।

তার ঘোষিত ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কার, আধুনিক গণপরিবহন চালু, বন্ধ রেলস্টেশন চালু ও কমিউটার ট্রেন চালুর উদ্যোগ; শিক্ষা খাতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, গরিব মেধাবীদের স্নাতক পর্যন্ত সহায়তা, নারী শিক্ষায় অগ্রাধিকার এবং একটি প্রযুক্তিনির্ভর সরকারি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা; বেকারত্ব দূরীকরণে নিবন্ধনভিত্তিক কর্মসংস্থান ডাটাবেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি–ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু; কৃষি ও হাওরভিত্তিক অর্থনীতির উন্নয়ন, ইকো–ট্যুরিজম প্রসার এবং দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা ও পুনর্বাসন ব্যবস্থা জোরদার করা।

এছাড়া মাদক ও সন্ত্রাস দমন, সামাজিক নিরাপত্তা জোরদার, প্রবাসীদের জন্য আলাদা সেল গঠন, শিল্পায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা, নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তার বিষয়গুলোও তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে মইনুল বাকর অভিযোগ করেন, এখনো সিলেট–৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিভিন্ন স্থানে তার ‘কম্পিউটার’ প্রতীকের ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি বলে জানান।

শেষে তিনি নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল