
(৮ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোর অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা। ইতোমধ্যে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণার নামে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বহিরাগতরা ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
অভিযোগে বলা হয়, বহিরাগতরা ভোটারদের বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করছে এবং নগদ অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা করছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
এমরান আহমদ চৌধুরী অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, এসব বিষয়ে তিনি গত ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে এবং ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে সাক্ষাতের সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম বিএনপি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।