banglahour

কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১৭ অপরাহ্ন

সারাদেশে ২৯৯ আসনে ভোট, মাঠে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা বাহিনী

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করায় এই আসনটি বাদ দিয়ে মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পুরো দেশকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিনও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে নির্বাচন কমিশন আশাবাদী। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, এই নির্বাচন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। দীর্ঘদিন পর অনেক মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে মোতায়েন করা হয়েছে। এত বড় পরিসরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এর আগে কখনো দেখা যায়নি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি আনুমানিক ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসি সূত্র জানায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে এবং সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে।

নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে। প্রথমবারের মতো নির্বাচনে ইউএভি (ড্রোন) ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক। পাশাপাশি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটের দিন ও তার আগে-পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, একটি উৎসবমুখর ও নির্বাচন-বান্ধব পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভয়-ভীতি ও শঙ্কাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল