banglahour

ভোটারদের সুবিধায় দুই দিনের সরকারি ছুটি

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১:২১ অপরাহ্ন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি

ভোটারদের সুবিধা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সবার জন্য ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

বুধবার দুপুর ১২টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বিঘ্নে কাজ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

সিইসি বলেন, “আমরা ওয়াদা অনুযায়ী একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের অংশগ্রহণে স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিয়োজিত রয়েছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন আছে। ঢাকায় ১ হাজার ৪০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ এম এম নাসিরউদ্দিন বলেন, ঢাকায় দায়িত্ব পালনে ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। ভোট গণনার প্রতিটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকে।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই। এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষ থেকে চাপ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।”

প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বাচন-বান্ধব পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে নিজ নিজ বাসায় ফিরতে পারবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল