banglahour

নির্বাচন ঘিরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:২১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। নির্বাচনী প্রচার–প্রচারণা শেষ হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি সদর উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় সব সরঞ্জাম বুঝে নেন।


এদিকে রাঙ্গামাটি জেলায় এবারের নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান,
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা,
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিন,
গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার,
জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এবং
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
নিজ নিজ অবস্থানে সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।


জেলার ১০টি উপজেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচনে ভোট দেবেন ৫ লাখ ৯ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১১ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৯ জন এবং হিজড়া ভোটার ২ জন।


নির্বাচনকে ঘিরে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনী সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ ও ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ১২ জন।


রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, রাঙ্গামাটি সংসদীয় আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম সার্বিক কার্যক্রম তদারকি করছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল